ম্যারাডোনার আশাভঙ্গ
ইরাক জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আশা ভেঙ্গে দিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হাকিম শাকিরকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইরাক ফুটবল সংস্থা (আইএফএ)।
রোনালদোর ভিন্ন হ্যাটট্রিক
আবারো বিবাহ বিচ্ছেদ হল ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর। শনিবার তৃতীয় স্ত্রী মারিয়া বিয়েত্রিজ অ্যান্থনির সঙ্গে ৭ বছরের দাম্পত্য-জীবনের ইতি টানেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
খবর
আবাহনীর লক্ষ্য শিরোপা ধরে রাখা
ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুম-সূচক ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও সেই ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চায় আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখাই তাদের লক্ষ্য।
শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথা জানালেন আবাহনীর কোচ ও অধিনায়ক।
পেশাদার লিগের পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে ইরান থেকে কোচ আরদেশির পুর্নেমাতকে নিয়ে এসেছে আবাহনী। দেশের অন্যতম জনপ্রিয় দলের নতুন কোচও শিরোপার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, “শিরোপা ধরে রাখার জন্য আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। আমার লক্ষ্য প্রত্যেক ম্যাচেই জেতা। এটা পূরণ হলে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হবে না।”
“আবাহনী গতবারের চ্যাম্পিয়ন দল। শিরোপা ধরে রাখা তাই আমার জন্য একটা চ্যালেঞ্জ। আর আমি এমন চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি,” যোগ করেন পুর্নেমাত।
আবাহনীর অধিনায়ক ওয়ালী ফয়সালের মনেও আত্মবিশ্বাসের অভাব নেই। তিনি বলেন, “নতুন কোচের অধীনে আবাহনীর ফুটবলাররা এখন দারুণ উজ্জীবিত। আমার বিশ্বাস, সব কিছু ঠিক-ঠাক থাকলে এবারো আমরাই চ্যাম্পিয়ন হব।”
গত মৌসুমের পাঁচ বিদেশি ঘানার আইডু ইব্রাহিম, সামাদ ইউসুফ ও তুয়াম ফ্রাঙ্ক, ক্যামেরুনের ইউকো সাম্বনিক এবং নাইজেরিয়ার লাকি পলকে এবারো নিয়ে এসেছে আবাহনী। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দুই ব্রাজিলীয় কার্লো দা সিলভা ও বারবোজা সান্তানা।
আবাহনীর পর সংবাদ সম্মেলন করে বিজেএমসি। দীর্ঘ ২৭ বছর পর গত মৌসুমে দেশের ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরেই চমক দেখিয়েছিল দলটি। এবার তাদের লক্ষ্য সেই চমকের পুনরাবৃত্তি।
বিজেএমসির কোচ জাকারিয়া বাবু বলেন, “তরুণ এবং অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। কয়েক জন তরুণ ফুটবলারের আগমনে দলের শক্তি অনেকখানি বেড়েছে।”
“আমাদের দলের বিদেশি ফুটবলাররাও ভালো। তাই আমার বিশ্বাস, বিজেএমসি আবার চমক দেখাতে পারবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৪ঘ.

