খবর

চেলসির হোঁচট, ম্যান সিটির জয়

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার গুরুত্বপূর্ণ খেলায় লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। দিনের অন্য খেলায় টটেনহাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে চেলসি। ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরেই রয়েছে লিভারপুল। ১৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে টটেনহাম।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ২১ মিনিটে এগিয়ে নেয়ার কৃতিত্ব জন টেরির। অস্কারের কর্ণার থেকে অরক্ষিত টেরির হেড অতিথিদের জাল খোঁজে পেলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে সুসোর কর্ণার থেকে কারাঘার ফাঁকা দাঁড়ানো লুইস সুয়ারেজকে বল বাড়ালে চেলসির জাল পেতে তার কোনো কষ্টই হয়নি।

এর আগে নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ জয় পেয়েছে ম্যান সিটি। ২১ মিনিটে কাউলকারের গোলে ম্যান সিটিকে হতাশ করে এগিয়ে যায় টটেনহাম।

৬৬ মিনিটে সার্জিও আগিুয়েরোর গোলে সমতা ফেরায় গত আসরের চ্যাম্পিয়নরা। বদলী খেলোয়াড় এডিন জেকোর ৮৮ মিনিটের গোলে শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রবার্তো মানচিনির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.

Share |