খবর

মঙ্গলবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হতে যাচ্ছে মঙ্গলবার থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও ফেনী সকার ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৫টায়।

কক্সসিটি এসসি সরে দাঁড়ানোয় এবারের পেশাদার লিগে অংশ নিচ্ছে ৯টি দল। আর্থিক সমস্যার কারণে সরিয়ে দাঁড়িয়েছে কক্সবাজারের দলটি।

এবারের লিগে দুই লেগ মিলিয়ে মাত্র ৭২টি ম্যাচ হবে। গতবার হয়েছিল ১১০টি ম্যাচ। ২০১১-১২ মৌসুমে অবশ্য ১১টি দল অংশ নিয়েছিল লিগে।

গতবারের মতো এবার দুটো নয়, একটি দলের অবনমন হবে। আর পেশাদার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠবে দুটি দল। তাই আগামী প্রিমিয়ার লিগে অংশ নেবে ১০টি দল।

গতবারও পাতানো খেলা কলঙ্কিত করেছিল লিগকে। ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জ এমএফএস, আবাহনী-ব্রাদার্স এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব-ব্রাদার্স ম্যাচ তিনটি সন্দেহের তীরে বিদ্ধ হয়েছিল।

ব্রাদার্স-রহমতগঞ্জ এবং আবাহনী-ব্রাদার্স ম্যাচ দুটো নিয়ে তদন্ত করেও কিছু খুঁজে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেখ জামাল-ব্রাদার্স ম্যাচটি এখনো তদন্তাধীন। তদন্তের কাজ শেষ না করেই আরেকটি লিগ শুরু করতে যাচ্ছে পেশাদার লিগ কমিটি।

তবে এবারের লিগে পাতানো ম্যাচ প্রতিরোধে বাফুফে আরো বেশি সতর্ক থাকবে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী। তিনি বলেন, “পাতানো ম্যাচের প্রতিরোধে এবার আমরা শুরু থেকেই সতর্ক থাকবো। কোনো দলের পাতানো ম্যাচের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ঐ দলকে কঠিন শাস্তি দেয়া হবে। আমার বিশ্বাস এর ফলে ক্লাবগুলো পাতানো ম্যাচ খেলতে নিরুৎসাহিত হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩০০ঘ.

Share |