খবর

ম্যান সিটির সঙ্গে চেলসির ড্র

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এক গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করেছে চেলসি। চেলসির মাঠ স্ট্যামফোর্ডে ব্রিজে কোনো দলই গোল করতে পারেনি।

চেলসির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল রাফায়েল বেনিতেজের প্রথম ম্যাচ। সূচনাটা ভালো হয়নি এই স্প্যানিয়ার্ডের। দল জিততে পারেনি তো বটেই, দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাকে।

গত বুধবার রবার্তো দি মাত্তেওকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিতে পারেননি অনেক চেলসি-ভক্ত। পুরো প্রথমার্ধ চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেপথ্য নায়কের নামে জয়ধ্বনি দিয়েছে তারা।

ইপিএলে টানা ৫ ম্যাচ জয়বিহীন চেলসি ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় েেক চর্তু স্থানে নেমে গেছে। ২৯ পয়েন্ট নিয়ে ম্যান সিটি আছে দ্বিতীয় স্থানে।

শনিবার কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ব্রমউইচের পয়েন্ট ২৬।

রোববার ইপিএলের অন্য তিন ম্যাচে টটেনহাম হটস্পার ৩-১ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ও সাউদাম্পটন ২-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে। আর লিভারপুল গোলশূন্য ড্র করেছে সোয়ানসি সিটির সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৫৪ঘ.

Share |