খবর

চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির বিদায়

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডেনমার্কের নর্ডসজায়েল্যান্ডকে ৬-১ গোলে হারিয়েও লাভ হয়নি চেলসির। প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ফার্নান্দো তরেসের দুটো এবং ডেভিড লুইজ, গ্যারি ক্যাহিল, হুয়ান মাতা ও অস্কারের একটি করে গোল বড় জয় এনে দিয়েছে চেলসিকে। নক আউট পর্বে ওঠার জন্য তারা তাকিয়েছিল জুভেন্টাসের সঙ্গে ইউক্রেনের শাখতার দনেৎস্কের লড়াইয়ের দিকে। কিন্তু শাখতারের মাঠে আত্মঘাতী গোলে পাওয়া জয় দ্বিতীয় পর্ব নিশ্চিত করে দেয় ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের।

‘ই’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে জুভেন্টাসই সবার ওপরে। শাখতার ও চেলসির পয়েন্ট ১০ করে। তবে মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে শেষ ষোলর টিকেট পেয়েছে শাখতার। নিজেদের মাঠে শাখতার ২-১ গোলে এবং স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৩-২ গোলে জিতেছিল।

‘এফ’ গ্রুপে এমন কোনো জটিলতা ছিল না। আগেই শেষ ষোল নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারিয়েছে বাতে বরিসভকে। ৫১ মিনিটে বায়ার্নের জেরম বোয়েটাং ও ৬৯ মিনিটে বরিসভের ডেনিস পোলিয়াকভ লালকার্ড দেখলে দুই দলকেই খেলতে হয় দশ জন নিয়ে।

গ্রুপের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া লিল্কে একমাত্র গোলে হারিয়েছে। বায়ার্ন-ভ্যালেন্সিয়া দু দলেরই সংগ্রহ ১৩ পয়েন্ট করে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন।

‘জি’ গ্রুপে ন্যু ক্যাম্পে গোলশূন্যভাবে বার্সোলোনাকে (১৩ পয়েন্ট) রুখে দিয়েও লাভ হয়নি পর্তুগালের বেনফিকার (৮)। ঘরের মাঠে রাশিয়ার স্পার্তাক মস্কোকে ২-১ গোলে হারিয়ে বার্সার পেছনে থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে সেল্টিক (১০)।

‘এইচ’ গ্রুপের শ্রেষ্ঠত্ব আগেই নিশ্চিত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড (১২)। ম্যান ইউ’র মাঠে ১-০ গোলে জিতে আশা বাঁচিয়ে রেখেছিল রুমানিয়ার সিএফআর ক্লুজ। কিন্তু পতুর্গিজ ক্লাব ব্রাগার মাঠে গ্যালাতাসারাইয়ের ২-১ গোলের জয় হিসেব পাল্টে দিয়েছে।

গ্যালাতাসারাই ও ক্লুজের পয়েন্ট সমান (১০) হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শেষ ষোলর টিকেট পেয়েছে তুরস্কের দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৯ঘ.

Share |