খবর

শুক্রবার মুখোমুখি আবাহনী-শেখ রাসেল

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল শেখ রাসেল ক্রীড়া চক্র।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আবাহনী। এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের সংগ্রহ ৬ পয়েন্ট।

তিন ম্যাচের সাসপেনশন কাটিয়ে ফিরে আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে শেখ রাসেলের জয়সূচক গোল করেছিলেন ফরোয়ার্ড জাহিদ হোসেন।

আবাহনীর বিপক্ষেও জাহিদকেই দলের ‘তুরুপের তাস’ বলে মনে করেন মারুফুল হক। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেলের কোচ বলেন, “জাহিদ আমার দলের অন্যতম সেরা খেলোয়াড়। সে যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিতে পারে। সে গোল করতে এবং করাতেও দক্ষ।”

“তবে শুধু জাহিদ একা নয়, আমাদের দলের প্রত্যেকে নিজেকে উড়াড় করে দিতে প্রস্তুত। তাই আমার বিশ্বাস, এই ম্যাচে আমরাই জিতব,” যোগ করেন তিনি।

আবাহনীর ইরানি কোচ আরদেশিয়ার পুর্নেমাতও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “প্রতিটি ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। শেখ রাসেল শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু তাদেরকে হারানোর ক্ষমতা আমাদের আছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৯ঘ.

Share |