খবর

ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে শেখ রাসেল

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমে গোলে করেও জিততে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-১ গোলে হারিয়েছে তাদের।

এই জয়ের সুবাদে শেখ রাসেল এখন লিগে সবার ওপরে। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। অন্যদিকে ৫ ম্যাচের সবগুলোতে হেরে ব্রাদার্সের অবস্থান সবার নিচে।

৩৪ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার কিংসলে চিগোজির গোলে ব্রাদার্স এগিয়ে গেলেও ৮ মিনিট পরই সমতা নিয়ে আসেন

মরক্কোর মিডফিল্ডার তারিক মারজুক।

এরপর শেখ রাসেল কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল খেলা।
কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে হাইতির স্ট্রাইকার সনি নর্দে দারুণ এক প্লেসিং শটে গোল করে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেন ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের।

খেলা শেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, “ব্রাদার্স রক্ষণাত্মক ফুটবল খেলেনি বলেই আমরা জিততে পেরেছি। ইতিবাচক খেলার জন্য তাদের সাধুবাদ জানাই।”

“অবশ্য এভাবে সব সময় পার পাওয়া যাবে না। কারণ ভাগ্য সব সময় সুপ্রসন্ন হয় না,” যোগ করেন তিনি।

আর ব্রাদার্সের নাইজেরীয় কোচ লাডি বাবা লোলা বলেন, “ভাগ্যের সহায়তা পাইনি বলেই ভাল খেলেও আমরা জিততে পারিনি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০০ঘ.

Share |