খবর

ডাচ কোচের সামনে টার্গেট সাফ ফুটবল

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার ঢাকায় আসছেন ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার। লন্ডনে কোচের সঙ্গে আলাপ করে দেশে ফিরে শনিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিশ্চিত করেন বিষয়টি।

নতুন কোচকে বাফুফে সভাপতি টার্গেট দিয়েছেন আগামী সেপ্টেম্বরে নেপালে সাফ ফুটবলের ফাইনালে খেলার। এ জন্য তিনি পর্যাপ্ত সময় পাবেন বলে মনে করেন সালাউদ্দিন।

বাফুফে সভাপতি স্বপ্ন দেখছেন ২০২২ কাতার বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আর সে লক্ষ্যেই এই ডাচ কোচকে আনা, যেন তিনি ভীতটা গড়ে দিতে পারেন।

দুই কোচ ঢাকায় এসে ৯ ও ১১ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ দেখবেন। যেখান থেকে এদেশের ফুটবল সম্পর্কে একটা ধারণা পাবেন তারা। তারপরই চুক্তিতে সই করবেন দুই কোচ।

বাফুফে সভাপতি বলেন, “দুই ডাচ কোচের পরিকল্পনা আমার কাছে ভাল লেগেছে। আমার কোচিং দর্শনের সঙ্গে অনেকটা মিলে গেছে। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আমাদের ফুটবল একটা ভাল ভীতের ওপর দাঁড়াতে পারবে।”

দুই কোচের সঙ্গে আপাতত ২ বছরের চুক্তি হবে। তাদের পেছনে ব্যায় হবে প্রায় ৭-৮ কেটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.

Share |