খবর

‘কঠিন পরীক্ষা’ নিয়ে বাংলাদেশে ডি ক্রুইফ

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ফুটবল দলের সম্ভাব্য কোচ লুডউইক ডি ক্রুইফ সোমবার বিকেলে ঢাকায় এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি জানিয়েছেন, কোচের দায়িত্ব নিলে বাংলাদেশের ফুটবল এবং ফুটবলারদের মানোন্নয়ন তার প্রধান লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসানের সঙ্গে এই ডাচ কোচের কথপোকথনে উঠে এল আরো কিছু প্রসঙ্গ।
প্রশ্ন: বাংলাদেশে এসে কেমন লাগছে?

উত্তর: এখানে এই প্রথম এলাম। ভালই লাগছে।

প্রশ্ন: বাংলাদেশের ফুটবল সম্পর্কে কতটা জানেন?

উত্তর: ইন্টারনেটের মাধ্যমে কিছু জেনেছি। তাছাড়া আমার পরিচিত তিন নাইজেরিয়ান ফুটবলার এখানে লিগে খেলে। তাদের মাধ্যমেও কিছু জেনেছি।

প্রশ্ন: আপনার কোচিং ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই?

উত্তর: প্রায় আট বছরের কোচিং ক্যারিয়ারে দুই বছর বেলজিয়ামে ও চার বছর জার্মানিতে কাটিয়েছি। তবে সবচেয়ে সাফল্য পেয়েছি নাইজেরিয়ার হার্টল্যান্ড এফসি ক্লাবের হয়ে। ওখানে ১৮/১৯ মাস কাজ করেছি। গত বছর এই ক্লাবে থাকার সময়ই সুপারস্পোর্টসের সেরা কোচের মনোনয়ন পেয়েছি। আফ্রিকা থেকে একমাত্র আমিই মনোনীত হয়েছিলাম।

প্রশ্ন: দায়িত্ব নিলে বাংলাদেশ দলকে নিয়ে কিভাবে কাজ করতে চান?

উত্তর: বাংলাদেশের ফুটবলের উন্নতি করা, ফুটবলারদের খেলার মান বাড়ানো আমার প্রথম এবং প্রধান কাজ হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ১৬৮ নম্বরে। বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ে যত দ্রুত সম্ভব আরো ওপরের দিকে নিয়ে যাওয়াও আমার লক্ষ্য। এ সব লক্ষ্য পূরণে সবার সহযোগিতাও চাই।

প্রশ্ন: আপনার কোচিং দর্শন কী?

উত্তর: পেছন থেকে আক্রমণ গড়ে, প্রতিপক্ষের বক্স পর্যন্ত আক্রমণ রচনা করে তাদের চাপে ফেলা আমার কোচিং দর্শন। এ ধরণের ফুটবল দারুণ আকর্ষণীয়ও।
প্রশ্ন: দায়িত্ব নিলে এক বছর পর কোথায় দেখতে চান বাংলাদেশের ফুটবলকে ?

উত্তর: এই মুহুর্তে এটা খুব কঠিন প্রশ্ন। তবে দায়িত্ব নিলে এক বছর পর বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ে ১২০-এর নিচে নামিয়ে আনার চেষ্টা করব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫২ঘ.

Share |